
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) সদ্য ভর্তি হওয়া ২০২৫-২৬ সেশনের ছাত্রদের সিট বণ্টনের ‘দায়িত্ব’ নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। সংগঠনটির দপ্তর সম্পাদক নবীন শিক্ষার্থীদের কাছে ‘ভারপ্রাপ্ত হল প্রভোস্ট’ পরিচয়ও দিয়েছেন। এসব কথাবার্তার স্ক্রিনশট ফাঁস হলে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
অভিযুক্তরা হলেন— শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নোমান ভূঁইয়া এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাফিউল ইসলাম শোভন ওরফে উৎস আহমেদ শোভন)।
আগামীকাল রবিবার (২ মে) ওরিয়েন্টেশনের পর নবীন শিক্ষার্থীদের হল ও কক্ষ বণ্টনের কথা রয়েছে। কলেজের ২ নম্বর হোস্টেল ভেঙে ফেলায় একটি স্টাফ কোয়ার্টারে ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাস সূত্র বলছে, জুলাই গণঅভ্যুত্থানের আগে (বর্তমানে নিষিদ্ধ) ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হোস্টেলে ওঠাতেন। সে সময়ে ছাত্রলীগের অনুগতদের বাইরে কারো ওঠার সুযোগ ছিল না। তবে গত ২ সেশনে মেধার ভিত্তিতে গ্রুপ করে লটারির মাধ্যমে রুম বণ্টন করা হত।