সিলেটে আনুষ্ঠানিক ভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

সিলেটের আলিয়া মাদরাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
নির্বাচনী এই সমাবেশকে ঘিরে গভীর রাত থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। সিলেট জেলার ৬টি সংসদীয় আসন ও সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
এর আগে সকালে সিলেটের একটি হোটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি ডায়ালগ’-এ অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, গত ২০ বছরে দেশের জনসংখ্যা যে হারে বেড়েছে, সে অনুপাতে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়নি।
তারেক রহমান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর বাধ্য হয়েই তাকে দেশের বাইরে থাকতে হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানকালে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি একটি আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়তে বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *