
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে কিনা; সেটা এখনো বলার সময় হয়নি। এটা ‘টু আর্লি টু মেক এনি কমেন্টস।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে এখন পর্যন্ত যে গণঅংশগ্রহণ দেখা যাচ্ছে, তা প্রত্যাশা পূরণ করছে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১টার পর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আমি মনে করি, সমগ্র বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এ দিনটির জন্যই সবাই অপেক্ষা করছিলেন।
ভোট উৎসবের পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে হয়তো বিস্তারিত তথ্য থাকতে পারে, কারণ তিনি সরকারে আছেন। তবে আমি এখনো সারাদেশের সামগ্রিক তথ্য পাইনি, তাই এ বিষয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। আমি শুধু ঢাকার পরিস্থিতি যতটুকু দেখেছি, বলতে পারি মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা রয়েছে।