
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী সহকর্মীদের ওয়াশরুম ও অপারেশন থিয়েটারের (ওটি) ড্রেস চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা রেখে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে হাসপাতাল প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) হাসপাতাল পরিচালক ডা. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ইন্টার্ন চিকিৎসকের নাম ডা. রায়হান কবির ইমন।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসক ডা. রায়হান কবির ইমন অনেকদিন ধরে হাসপাতালের চিকিৎসকদের ওয়াশরুম থেকে নিয়ে অপারেশন থিয়েটারের চেঞ্জিং রুমসহ বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা সেট করে রাখত। আজ পরিচালকের কক্ষে তাকে আটক করা হলে সে ৮ থেকে ১০ জনের ভিডিও থাকার কথা স্বীকার করে। তবে তার এই দাবি মিথ্যা। শুধু ব্যাচমেট কিংবা সিনিয়র-জুনিয়রই নয়, সিনিয়র শিক্ষকরাও রেহাই পাননি তার এই কাণ্ড থেকে।