
গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগও করা হয়।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সদস্যসচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে হঠাৎ বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা হামলা চালান। মুহূর্তেই উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।