
সুনামগঞ্জের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন এবং তদন্তের নির্দেশ প্রদান করেন।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর কলেজেটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজটিতে নানা অনিয়ম, দুর্নীতি, ছাত্রী হোস্টেলের দেখভালের দায়িত্বপ্রাপ্তদের অপসারণ এবং সম্প্রতি ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন উপকরণ (কনডম) পাওয়া গেছে দাবি করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক গিয়ে পরিস্থিতি সামাল দেন।