
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে দুই নিরীহ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
বৈঠকে বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদেরকে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। বক্তারা এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।