
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কোনো জায়গায় জায়গায় ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পূর্নবাসন করা হচ্ছে। ২৪ এর আকাঙ্ক্ষার ধারণ না করলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কর্মী-সমর্থক, এজেন্ট, ভোটারসহ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। ব্যক্তির ওপর হামলা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর ২০২৬ এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পর যদি আবারও একই ধরনের ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখি, তাহলে এটা জাতির জন্য খুবই দুঃখজনক।