
নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে চায় না বাংলাদেশ—এমন সিদ্ধান্ত আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতের মাটিতেই খেলতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইসিসির সোজাসাপ্টা অবস্থান—ভারতে না খেললে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দলকে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিনের সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেল তিনটায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যমুনা নিউজকে তিনি জানান, সরকারকে কোনো ধরনের চাপ দিতে চান না বিসিবি। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে সেটি শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় সরকারের অবস্থান ও ক্রিকেটারদের মতামত জানতেই আজকের বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৈঠক শেষে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা আজই আইসিসিকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।